
(১ বছর আগে) ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২:২১ অপরাহ্ন
ভিয়েনা/তেহরান, ১৭ এপ্রিল ২০২৫
ইরান বিপজ্জনকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে—এমনই বিস্ফোরক সতর্কতা দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির তেহরান সফরের মাত্র কয়েক ঘণ্টা আগে এমন তথ্য সামনে আসে।
গ্রোসি ফরাসি সংবাদপত্র লে মন্ডেকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “ইরানের হাতে এখন পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় সব উপাদানই আছে। এখন শুধু একত্রিত করার বাকি।” তিনি পারমাণবিক অস্ত্র তৈরির প্রক্রিয়াকে একটি “জিগস পাজল সমাধান” এর সঙ্গে তুলনা করেন।
আইএইএ প্রধানের এই সফরে ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে গোপন পারমাণবিক কর্মসূচি ও সম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। আইএইএ বর্তমানে ইরানের ২০১৫ সালের পরমাণু চুক্তি বাস্তবায়ন তদারকির দায়িত্বে রয়েছে—যেটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বাতিল হয়ে যায়।
বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে ওমানে। গত শনিবার প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে, দ্বিতীয় দফা হওয়ার কথা আগামী শনিবার। তবে আলোচনার আগে মঙ্গলবার এক্স-এ (সাবেক টুইটার) ট্রাম্প প্রশাসনের কূটনীতিক গ্যাব্রিয়েল উইটকফ জানান, “চুক্তি তখনই সম্ভব, যদি ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ ও অস্ত্রায়ন কর্মসূচি পুরোপুরি বন্ধ করে।”
তিনি আরও লেখেন, “চুক্তি হবে ট্রাম্পের শর্তে। এটি টেকসই, কঠিন ও ন্যায্য হতে হবে, যা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি গড়ে তুলবে।”
উইটকফের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সাংবাদিকদের তিনি বলেন, “আমরা মার্কিন পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাচ্ছি। যা প্রকৃত আলোচনা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।”
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। IAEA-এর সতর্কতা বিশ্ব নিরাপত্তার জন্য বড় এক বার্তা—ইরান এখন আর পারমাণবিক শক্তির কেবল সম্ভাব্য নয়, বরং বাস্তব ঝুঁকিতে পরিণত হয়েছে।