
(১ বছর আগে) ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১:১২ অপরাহ্ন
সিরাজগঞ্জ, ১৮ এপ্রিল — সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার ভোরে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পাশে ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা।
নিহতরা হলেন পাবনার হরিনাথপুর গ্রামের মাইক্রোবাস চালক মনছুরুল আলম (৪৩) এবং যাত্রী মানিক চন্দ্র শীল (৪২)। আহত সুমন কুমার দাস (৪২) একই গ্রামের বাসিন্দা এবং বর্তমানে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, বাঘাবাড়ি থেকে ছেড়ে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পাশে পৌঁছালে সেটি পাবনাগামী একটি মাইক্রোবাসকে চাপা দেয়। ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়, এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মনছুরুল ও মানিককে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাদের ধরতে অভিযান চলছে।
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার দাবি করছেন।