banglahour

বাঘাইছড়িতে অক্সিজেন সংকটে এক মাসের শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসকও মাত্র ৪ জন

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৭:০৬ অপরাহ্ন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক মাসের একটি শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

শিশুটির বাবা রিটন চাকমা জানান, তার কন্যা সন্তান নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে দ্রুত বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে অক্সিজেন সরবরাহ না থাকায় সময়মতো চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, “শেষ মুহূর্তে বিকল্পভাবে সিপিআর দেওয়া হলেও বাঁচানো যায়নি আমার মেয়েকে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, “হাসপাতালটিতে বর্তমানে অক্সিজেন সিলিন্ডার নেই। এ ছাড়া সেখানে চিকিৎসকেরও চরম সংকট রয়েছে। ১৬ জনের স্থলে মাত্র ৪ জন চিকিৎসক দায়িত্ব পালন করছেন।”

এ বিষয়ে রাঙামাটি জেলার সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, “বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসা কর্মকর্তা পদায়ন দেওয়া হয়েছে, কিন্তু তিনি এখনো সেখানে যোগদান করেননি।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ভেঙে পড়েছে। প্রয়োজনীয় ওষুধ, যন্ত্রপাতি, এমনকি জরুরি সেবার মতো অক্সিজেনের ব্যবস্থাও নেই। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা ও অবহেলার কারণেই এমন মর্মান্তিক মৃত্যু ঘটেছে বলে মনে করছেন অনেকে।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত স্বাস্থ্যসেবার মান উন্নয়নের দাবি জানিয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল