banglahour

প্রিমিয়ার লিগে ফেরার লড়াইয়ে শেফিল্ড ইউনাইটেড, কার্ডিফকে হারিয়ে জমিয়ে তুলল সমীকরণ

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ১২:১৮ অপরাহ্ন

টানা তিন হারে ব্যাকফুটে চলে গিয়েছিল শেফিল্ড ইউনাইটেড। তবে চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে ফেরার স্বপ্ন টিকিয়ে রাখতে হলে জয় ছিল বাধ্যতামূলক। সেই বাধা কাটিয়ে অবশেষে জয়ের হাসি ফিরল সাউথ ইয়র্কশায়ারের ক্লাবটির মুখে। ঘরের মাঠে ২-০ ব্যবধানে হারিয়েছে কার্ডিফ সিটিকে।

এই জয়ে চ্যাম্পিয়নশিপ টেবিলেও উন্নতি হয়েছে হামজা চৌধুরিদের। ৪৩ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে এখন তারা অবস্থান করছে তিন নম্বরে। শীর্ষ দুইয়ে থাকা লিডস ইউনাইটেড ও বার্নলির পয়েন্ট সমান ৯১ করে। লিগের বাকি আছে আরও তিনটি ম্যাচ। প্রথম দুই দল সরাসরি প্রিমিয়ার লিগে প্রোমোশন পাবে, আর তিন থেকে ছয় নম্বর দলগুলো খেলবে প্লে-অফ।

শেফিল্ডের বাকি তিন ম্যাচে প্রতিপক্ষ স্টোক সিটি, ব্ল্যাকবোর্ন রোভার্স এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্নলি। আগামী ২১ এপ্রিল বার্নলির বিপক্ষে ম্যাচটি হয়ে উঠতে পারে মৌসুম নির্ধারক। তাই প্রতিটি ম্যাচই এখন ফাইনাল সমান হয়ে দাঁড়িয়েছে হামজাদের জন্য।

গতকাল শনিবার কার্ডিফের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় শেফিল্ড। বল দখল, আক্রমণ আর গোলে শট—সব দিকেই তারা ছিল এগিয়ে। ম্যাচে ১৫টি শটের মধ্যে ৫টি ছিল গোলমুখে। ৩৩ মিনিটে গোস্তাভো হার্মারের গোলে এগিয়ে যায় স্বাগতিক দলটি। এরপর ৮৭ মিনিটে বেন ব্রেনটন দিয়াজ দ্বিতীয় গোল করে ম্যাচের জয় নিশ্চিত করেন।

ম্যাচের ৬৯ মিনিটে প্রতিপক্ষকে ফাউল করে হলুদ কার্ড দেখেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরি। তবে সামগ্রিকভাবে তাঁর পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। মাঝমাঠে বল কন্ট্রোল ও পাস কেটে আক্রমণ গঠনে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

এই জয়ে কিছুটা হলেও সহজ হয়েছে শেফিল্ডের কঠিন সমীকরণ। এখন দেখার বিষয়, শেষ তিন ম্যাচে কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখে হামজার শেফিল্ড ইউনাইটেড। তাদের চোখ এখন পুরোপুরি প্রিমিয়ার লিগের টিকিটে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল