banglahour

ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন, ফিফার তদন্তে তোলপাড়

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ২:৫৩ অপরাহ্ন

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র মাঠে যেমন ঝলক দেখাচ্ছেন, মাঠের বাইরে ঠিক ততটাই আলোচনায় তিনি নিজের ব্যবসায়িক কার্যক্রম নিয়ে। তবে এবার এই ব্যবসা-সম্পৃক্ততাই তাকে ফিফার নিষেধাজনার মুখে ফেলে দিতে পারে।

ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ

ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা দি মার্জিওর বরাতে স্প্যানিশ দৈনিক ‘মার্কা’ জানিয়েছে, ভিনিসিয়ুসের বিরুদ্ধে ফিফার এথিক্স কমিটির কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারী প্রতিষ্ঠান ব্রাজিলের ‘তিবেরিস হোল্ডিং দো ব্রাজিল’। অভিযোগে দাবি করা হয়েছে, একজন সক্রিয় পেশাদার ফুটবলার হিসেবে ভিনিসিয়ুস সরাসরি বা পরোক্ষভাবে ক্লাবের মালিক হতে পারেন না—যা ফিফার নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।

তিবেরিসের পক্ষ থেকে অভিযোগে দুই বছরের নিষেধাজ্ঞার আবেদনও করা হয়েছে।

ক্লাব মালিকানায় ভিনিসিয়ুসের সংশ্লিষ্টতা

এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘অল আজেন্সিয়ামেন্তো এস্পোর্তিভো’ নামের একটি ক্রীড়া প্রতিষ্ঠান, যেটি পরিচালনা করেন ভিনিসিয়ুসের বাবা এবং এজেন্ট থাসসিলো সোয়ারেস। প্রতিষ্ঠানটির মাধ্যমে ভিনিসিয়ুস ব্রাজিলের অ্যাথলেটিক ক্লাব দে সাও জোয়াও দেল রেইয়ের মালিকানায় অংশীদার হয়েছেন। ক্লাবটি সম্প্রতি ব্রাজিলের দ্বিতীয় বিভাগ সেরি বি-তে উঠে এসেছে।

তিবেরিসের অভিযোগ—তাদের মালিকানাধীন ১৬.৫% শেয়ারের অধিকার থাকার পরও ক্লাব বিক্রির সময় তাদের প্রস্তাব জানার অধিকার লঙ্ঘন করা হয়েছে। যদিও সাও পাওলোর একটি আদালত ক্লাব বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে এবং মধ্যস্থতা শুরু হয়েছে, তবুও তিবেরিসের দাবি, ভিনিসিয়ুসের পক্ষ ইতিমধ্যেই ক্লাবের কার্যক্রম নিয়ন্ত্রণ করছে।

পর্তুগিজ ক্লাবেও সংশ্লিষ্টতা

এছাড়া ভিনিসিয়ুসের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে পর্তুগালের ‘আলভেরসা’ নামক একটি ক্লাবেরও, যেখানে ব্রাজিলিয়ান ক্লাব থেকে এক খেলোয়াড় রাফায়েল কনসেইসাওকে ধারে পাঠানো হয়েছে। এই লেনদেনকেও সন্দেহের চোখে দেখছে অভিযোগকারী পক্ষ।

ফিফা এখন পর্যবেক্ষণে, শাস্তির ঝুঁকিতে ভিনিসিয়ুস

তিবেরিস দাবি করেছে, এই কার্যক্রম ফিফার আর্টিকেল ২০ ও স্পেনের আর্টিকেল ২২ অনুযায়ী নৈতিক লঙ্ঘনের শামিল। এর ফলে খেলোয়াড়কে জরিমানা, মালিকানা বিক্রির বাধ্যবাধকতা কিংবা নিষেধাজ্ঞার মতো শাস্তির মুখে পড়তে হতে পারে।

বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে ফিফার এথিক্স কমিটিতে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও না এলেও, পুরো ঘটনাটি যে ভিনিসিয়ুসের ক্যারিয়ার এবং ভাবমূর্তিকে বেশ ঝুঁকিপূর্ণ জায়গায় নিয়ে যাচ্ছে, তা বলাই বাহুল্য।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল