
(৩ বছর আগে) ২৩ জানুয়ারি ২০২৩, সোমবার, ৩:১৬ অপরাহ্ন
ঢাকা: বৈশ্বিক পরিস্থিতি এবং আর্থিক মন্দার কারণে আপাতত ইভিএম প্রকল্পটি প্রক্রিয়াকরণ হচ্ছে না। যে ইভিএম আছে সেগুলো নিয়ে প্রস্তুতি নেয়া হচ্ছে।
সোমবার (২৩ জানুয়ারী) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।
নির্বাচন কমিশন সচিব আরো বলেন, পরিকল্পনা কমিশন সিদ্ধান্ত জানিয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রকল্পটি বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা এবং বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপাতত প্রক্রিয়াকরণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৫০ আসনের ইভিএমের জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠায় তারা। যদিও ইভিএমে ভোট গ্রহণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক রয়েছে। আবার অর্থনৈতিক সঙ্কটের মধ্যে বিপুল অর্থ ব্যয়ে ইভিএম কেনা ও এর পেছনে বৈদেশিক মুদ্রা ব্যয় নিয়ে প্রশ্ন ছিল অনেকের মনে।