
(১ বছর আগে) ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১২:২৭ অপরাহ্ন
কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার জেরে পাকিস্তান তাদের আকাশসীমা ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য বন্ধ করে দিয়েছে। এর ফলে মাত্র ১৬ ঘণ্টার মধ্যেই ৬০টিরও বেশি ফ্লাইটে বিশৃঙ্খলা দেখা দেয়, রুট পরিবর্তনের কারণে বিমান সংস্থাগুলোর বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট ও আকাসা এয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্লাইট রুট ঘুরিয়ে নিতে হওয়ায় জ্বালানি খরচ বেড়েছে এবং অনেক যাত্রীকে শেষ মুহূর্তে বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতীয় উপ-রাষ্ট্রপতির একটি বিশেষ ফ্লাইটকে ইতালিগামী পথে বিকল্প রুটে যেতে হওয়ায় যাত্রায় অতিরিক্ত ৯০ মিনিট লেগেছে। নিউ ইয়র্ক, লন্ডন, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস ও দুবাইসহ বহু আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত হয়েছে বা ঘুরপথে যেতে বাধ্য হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুধুমাত্র দিল্লি বিমানবন্দরেই সপ্তাহে ৩০০টিরও বেশি ফ্লাইট এই নিষেধাজ্ঞার কারণে প্রভাবিত হতে পারে। তবে আন্তর্জাতিক ফ্লাইট অপারেটরদের জন্য পাকিস্তানের আকাশসীমা এখনও উন্মুক্ত রয়েছে, যা এই নিষেধাজ্ঞার টার্গেটেড বা নির্বাচিত প্রকৃতি নির্দেশ করে।
পাকিস্তান এই সিদ্ধান্ত নেয় ভারত-শাসিত কাশ্মীরে পেহেলগামে ২৬ জন নিহতের ঘটনাকে কেন্দ্র করে, যেখানে ভারত পাকিস্তানকে দায়ী করে। যদিও ইসলামাবাদ এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে। পাল্টাপাল্টি পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে।