
(১ বছর আগে) ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ২:১৪ অপরাহ্ন
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান তাঁর অভিনয়জীবনে যেমন দুর্দান্ত সফল, তেমনি ব্যক্তিগত জীবনেও বেশ সুখী। তবে সম্প্রতি জানা গেছে, তার ক্যারিয়ারে কিছু প্রত্যাখ্যানের গল্পও আছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানান, কিরণ রাও পরিচালিত 'লাপাতা লেডিজ' সিনেমায় তিনি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। কিন্তু কিরণ রাও তাকে বাতিল করে দেন এবং ওই চরিত্রে রবি কিশনকে বেছে নেন।
এছাড়া, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত বিশাল ভরদ্বাজের 'ওমকারা' সিনেমায়ও আমির অভিনয় করতে চেয়েছিলেন। চিত্রনাট্যকার রবিন ভাট জানান, 'ঈশ্বর ল্যাংড়া ত্যাগী' চরিত্রের জন্য প্রথমে আমিরের নাম বিবেচনা করা হলেও পরে মনে হয় চরিত্রটিতে তিনি মানানসই হবেন না। এরপর সাইফ আলি খানের কাছে প্রস্তাব যায়। যদিও পশ্চিম উত্তরপ্রদেশের আঞ্চলিক ভাষা নিয়ে চ্যালেঞ্জ ছিল, সাইফ তা সাহসিকতার সাথে গ্রহণ করেন। চুল ছোট করে, ভাষার মহড়া করে অবশেষে চরিত্রটি দুর্দান্তভাবে ফুটিয়ে তোলেন সাইফ।
তাই বলা চলে, বলিউডের সুপারস্টার হয়েও আমির খানের জীবনেও রয়েছে কিছু ‘না’ পাওয়ার গল্প, যা তাকে আরো মানবিক করে তোলে।