banglahour

১৪ বছরেই রেকর্ডগড়া সেঞ্চুরি

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১০:৫৭ পূর্বাহ্ন

‘আঠারো বছর বয়সের নেই ভয়/পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা/এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়—/আঠারো বছর বয়স জানে না কাঁদা’ – সুকান্ত ভট্টাচার্যের লেখা এ লাইন কতোশত টিনেজ প্রডিজিকে মহিমান্বিত করতে ব্যবহৃত হয়েছে তার ইয়ত্তা নেই। তবে বৈভব সূর্যবংশীর ক্ষেত্রে সেটাকেও বেমানান ঠেকছে।

কেনই বা ঠেকবে না? সুকান্ত তার কবিতাটা লিখেছিলেন ১৮ বছরের তারুণ্যকে উপজীব্য করে। সেখানে বৈভবের তো কৈশোরই শেষ হয়নি! যে ১৮’র কথা সুকান্ত বলেছিলেন, সে আঠারোতে পৌঁছুতেও তো তার আরও ৪ বছর লাগবে!

১৪ বছর বয়সে আইপিএলে খেলতে নামাটাই বিশাল অর্জন। নেমেই লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলে বসেছিলেন ২০ বলে ৩৪ রানের ইনিংস, প্রথম বলেই শার্দূল ঠাকুরকে হাঁকিয়ে বসেছিলেন ছক্কা। কেন তাকে এ বয়সেই অভিষেক করে দেওয়া, তার একটা জবাব ছিল সে ইনিংসে। তবে সে জবাবটা আরেকটু ভালো করে মিলল গত রাতে।

সদ্য ১৪ শেষ করে ১৫-তে পা দেওয়া বৈভব একটা সেঞ্চুরিই হাঁকিয়ে বসলেন। তাও আবার আইপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। গড়লেন একগাদা রেকর্ড, নাড়িয়েই দিলেন টি-টোয়েন্টি ক্রিকেটকে, গোটা বিশ্বকেও বৈকি।

আইপিএলকে যদি একটা মানুষ হিসেবে কল্পনা করেন, তাহলে ‘তার’ বয়স দাঁড়াবে ১৭ বছর ১১ দিন। অর্থাৎ আইপিএল এখনও ‘প্রাপ্তবয়স্ক’ হয়নি এখনও গত রাতে তোলপাড় ফেলে দেওয়া বৈভব সেই আইপিএলের চেয়েও বয়সে ছোট। আজ থেকে ১৭ বছর ১০ দিন আগে ব্রেন্ডন ম্যাককালাম যখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের তুলোধুনো করে ১৫৮ রানের অবিশ্বাস্য ইনিংসটা খেললেন, কিংবা তার এখনকার দল রাজস্থান যখন প্রয়াত শেন ওয়ার্নের হাত ধরে জিতল প্রথম আইপিএল শিরোপাটা, তখনও তার জন্ম নিতে আরও ৩ বছর বাকি প্রায়!

বৈভবের চেহারাটা দেখুন, মুখে ঠিকঠাক দাড়িগোঁফের রেখাটাও দেখা দেয়নি। সে ১৪ বছর ৩২ দিন বয়সি বৈভব সূর্যবংশীর ব্যাটেই গত রাতে চুরমার হলো গুজরাট টাইটান্সের বিশ্বমানের বোলিং লাইন আপ। বৈভব কাল কাদের শাসিয়েছেন দেখুন একবার— মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, সময়ের সেরা অলরাউন্ডার রশিদ খান, আইপিএল সেনসেশন সাই কিশোর। তাদের বিপক্ষে কী অবলীলায় সেঞ্চুরিটা হাঁকিয়ে নিলেন তিনি!

যে পরিস্থিতিতে সেঞ্চুরিটা হাঁকিয়েছেন সেটা মাথায় রাখলে এর মাহাত্ম্য বেড়ে যায় আরও একটু। ২১০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল গুজরাট। এবারের আইপিএলে এমন রানের দেখা মিলছে কদাচিৎ। সেখানে দ্বিতীয় ইনিংসে এ রান তাড়া করার কাজটা সহজ ছিল না তার দল রাজস্থানের জন্য।

সেখানে দাঁড়িয়ে বৈভবের ৩৮ বলে ১০১ রানের ইনিংস কাজটা ডালভাত বানিয়ে দিল আইপিএলের প্রথম চ্যাম্পিয়নদের জন্য। বৈভব কাল রাতে সেঞ্চুরির পথে ছয় মেরেছেন ১১টা, চার আছে ৭টি। সব মিলিয়ে তার বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকেই রান এসেছে ৯৪। শতকরা ৯৩.০৭ ভাগ রান এসেছে বাউন্ডারিতে। আইপিএল তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতে এক সেঞ্চুরি ইনিংসে এত বেশি ভাগ রান বাউন্ডারিতে আসেনি আর কখনো।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল