banglahour

২০২৪ সালের বন্যা ছিল ব্যতিক্রমধর্মী, ক্ষতিগ্রস্তদের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার মন্তব্য

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১২:৫২ অপরাহ্ন

২০২৪ সালের ভয়াবহ বন্যা ছিল স্বাভাবিক ধারার বাইরে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে ভার্চুয়ালি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার বন্যাকবলিত পরিবারগুলোর মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা যখন সরকারের দায়িত্ব নিই, ঠিক তখনই বন্যা শুরু হয়। শুরুতে বুঝতেই পারিনি যে এ জায়গায় বন্যা হবে। এটি সাধারণ বন্যার মতো ছিল না—অন্য রকম, ভিন্ন জায়গায় এবং মানুষের ওপর এর প্রভাব ছিল অত্যন্ত গভীর।”

তিনি জানান, বন্যা শুরু হওয়ার পরপরই দেশজুড়ে ত্রাণ ও সহায়তা কার্যক্রম শুরু হয়। কিন্তু বন্যার প্রকৃত ভয়াবহতা বোঝা যায় অনেক পরে। অনেক মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে, যাদের আশ্রয়ের কোনো জায়গা ছিল না।

আবাসনের জন্য আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে ইউনূস বলেন, “আমি শুরু থেকেই টাকার সরাসরি লেনদেনে কিছুটা সতর্ক ছিলাম, কারণ এতে অনিয়মের সম্ভাবনা থাকে। পরে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর নির্মাণের প্রস্তাব আসে। তখন জানলাম সেনাবাহিনী এটি বাস্তবায়ন করবে, যা স্বস্তির বিষয় ছিল।”

তিনি জানান, প্রাপ্ত অর্থের সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরগুলো গুণগতমান বজায় রেখেই নির্মিত হয়েছে। “সবচেয়ে ভালো লেগেছে যে, যে পরিমাণ টাকা দেওয়া হয়েছিল, তার অর্ধেক ব্যয়েই কাজটি সম্পন্ন হয়েছে—যেটা আমাদের দেশে সাধারণভাবে দেখা যায় না,” বলেন অধ্যাপক ইউনূস।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ঘরপ্রাপ্তদের প্রতি শুভকামনা জানান এবং ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাস দেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল