banglahour

তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করার কী বিধান?

ধর্ম | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩ মে ২০২৫, শনিবার, ৭:১৫ অপরাহ্ন

প্রশ্ন: তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করার কী বিধান? আমার এক বন্ধু ওমরায় যাওয়ার সময় নিয়ত করেছে, এবারের সফরে তাওয়াফ অবস্থায় এক খতম কুরআন তিলাওয়াত করবে। জানতে চাই, তাওয়াফ অবস্থায় তিলাওয়াত করা কি নিয়মসম্মত?

উত্তর: তাওয়াফ অবস্থায় কুরআন তিলাওয়াত করা জায়েজ হলেও তখন তিলাওয়াত না করে দোয়া, জিকির-আযকার করাই উত্তম। বিশেষত যে সকল দোয়া, জিকির হাদিস, আছারে বর্ণিত হয়েছে, সম্ভব হলে সেগুলো পড়াই ভালো।

ইয়াহইয়া আলবাক্কা রহ. বলেন- আবদুল্লাহ ইবনে উমর রা. এক ব্যক্তিকে তাওয়াফ অবস্থায় কুরআন তিলাওয়াত করতে দেখে তাকে বারণ করেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৫৪২৪)

লায়ছ রহ. থেকে বর্ণিত, মুজাহিদ রহ. সম্পর্কে তিনি বলেন- তিনি তাওয়াফ অবস্থায় কুরআন তিলাওয়াত করা পছন্দ করতেন না। বরং সে (তাওয়াফের সময়) আল্লাহর জিকির, হামদ ও তাকবির বলবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৫৮৭৮ দারু কুনূযিল ইশাবীলিয়া প্রকাশিত)

অতএব আপনার বন্ধু তাওয়াফের সময় কুরআন খতমের নিয়ত করে থাকলেও তার জন্য উত্তম হবে তখন কুরআন তিলাওয়াত না করে দোয়া ও জিকির-আযকার করা।

অবশ্য তাওয়াফের বাইরে অন্য সময় মসজিদে হারামে বা মক্কায় অবস্থানকালে সে তার ওই নিয়তটি পূরণ করে নিতে পারে। মক্কায় অবস্থানকালে অধিক পরিমাণে তিলাওয়াত করা, সম্ভব হলে পূর্ণ কুরআন কারীম খতম করা উত্তম। 

তাবেয়ী ইবরাহীম নাখায়ী রহ. বলেন- তারা (সাহাবা-তাবেয়ীরা) মক্কায় প্রবেশের পর সেখান থেকে প্রত্যাবর্তনের আগে কুরআন মাজীদের খতম করাকে পছন্দ করতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৮৮৬২)

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল