
(১১ মাস আগে) ৫ মে ২০২৫, সোমবার, ২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫৮ অপরাহ্ন
ঢাকা, ৫ মে ২০২৫ — চিকিৎসকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। তাদেরকে এখন থেকে ই-মেইলের মাধ্যমে ওষুধের তথ্য পাঠাতে হবে। আজ সোমবার স্বাস্থ্যখাত সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে।
কমিশনের সুপারিশে বলা হয়েছে, চিকিৎসকদের প্রভাবিত করতে কোনো ধরনের উপহার বা নমুনা সরবরাহের সুযোগ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর জন্য বন্ধ করে দিতে হবে। এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো চিকিৎসা পেশায় স্বচ্ছতা ও নৈতিকতা নিশ্চিত করা।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার প্রয়োজন রয়েছে। এই উদ্দেশ্যে একটি পৃথক ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন’ প্রণয়নের সুপারিশ করা হয়েছে, যা নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার এবং রাষ্ট্রের দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারণ করবে।
কমিশন আরও বলেছে, শুধুমাত্র এমবিবিএস ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া যেন অ্যান্টিবায়োটিক দেওয়া না হয়। একই সঙ্গে ওষুধের দাম, বিভিন্ন টেস্ট এবং চিকিৎসা পরামর্শ ফি নির্ধারণে একটি কেন্দ্রীয় নীতিমালা থাকা প্রয়োজন।
প্রতিবেদনে ৭টি নতুন আইন প্রণয়নের প্রস্তাব রাখা হয়েছে। আইনগুলো হলো:
১. বাংলাদেশ স্বাস্থ্য কমিশন আইন
২. বাংলাদেশ হেলথ সার্ভিস আইন
৩. প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন
৪. স্বাস্থ্য সুরক্ষা আইন
৫. ওষুধের মূল্য নির্ধারণ এবং প্রবেশাধিকার আইন
৬. অ্যালায়েড হেলথ প্রফেশনাল কমিশনার আইন
৭. বাংলাদেশ মেডিকেল রিসার্চ কমিশনার আইন
কমিশন একটি স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন (স্বাস্থ্য) গঠনেরও সুপারিশ করেছে, যা স্বাস্থ্য খাতের নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে।
সকল নাগরিকের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে বা প্রয়োজনে ভর্তুকি মূল্যে নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কমিশন। উপজেলা পর্যায়ে সেকেন্ডারি এবং জেলা পর্যায়ে টারশিয়ারি (বিশেষায়িত) চিকিৎসাসেবা সহজলভ্য করার সুপারিশও করা হয়েছে।
প্রতিবেদনে প্রতিটি বিভাগীয় শহরে একটি করে সর্বাধুনিক টারশিয়ারি হাসপাতাল গঠনের প্রস্তাব রাখা হয়েছে, যাতে মেডিকেল কলেজ ও জাতীয় ইনস্টিটিউটগুলোর ওপর চাপ কমে এবং ভৌগোলিক বৈষম্য দূর হয়।
২০২৪ সালের ১৭ নভেম্বর অধ্যাপক এ কে আজাদ খানকে প্রধান করে ১২ সদস্যবিশিষ্ট স্বাস্থ্যখাত সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক, শিক্ষাবিদ এবং একজন মেডিকেল শিক্ষার্থী।