
(১ বছর আগে) ৯ মে ২০২৫, শুক্রবার, ৪:০৫ অপরাহ্ন
ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রভাব এসে পড়েছে আইপিএল ২০২৫-এ। বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালে নিরাপত্তা শঙ্কার কারণে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় খেলা। প্রথমে বিষয়টিকে ফ্লাডলাইট বিকলের ঘটনা হিসেবে প্রচার করা হলেও পরে জানা যায়, পাকিস্তানের একাধিক মিসাইল ও ড্রোন হামলার জেরে স্টেডিয়ামে হুমকি পরিস্থিতি তৈরি হয়।
ম্যাচ চলাকালে উপস্থিত দর্শক ও চিয়ারলিডারদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক চিয়ারলিডার সামাজিক মাধ্যমে লেখেন, “খেলার মাঝপথে পুরো স্টেডিয়াম খালি করা হয়। সবাই চিৎকার করছিল—বোমা আসছে। আমি এখনও শকে আছি।”
ঘটনার পরপরই বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) এক বিবৃতিতে জানায়, এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। তবে পুরো টুর্নামেন্ট বাতিল নয়। ইতোমধ্যে ৫৭টি ম্যাচ শেষ হয়েছে, বাকি রয়েছে ১৬টি—যার মধ্যে রয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচ, কোয়ালিফায়ার ও ফাইনাল।
সূচি অনুযায়ী ২৫ মে কলকাতার ইডেনে হওয়ার কথা ফাইনাল ম্যাচটি। তবে পরিস্থিতির উন্নতি না হলে বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবছে বিসিসিআই। আলোচনায় আছে সেপ্টেম্বরে এশিয়া কাপ বাতিল হলে সেই সময়টিতে আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করার সম্ভাবনাও।
বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গুজরাট টাইটানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু—উভয়েরই ১৬ পয়েন্ট। টুর্নামেন্ট জমে উঠছিল শেষদিকে, ফলে দ্রুতই খেলা ফের শুরুর আশায় আছে ক্রিকেটপ্রেমী ভারতীয়রা।