
(৩ বছর আগে) ২৪ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ২:১৯ অপরাহ্ন
ঢাকা: নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
আজ সোমবার (২৩ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা জঙ্গিরা অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। এতে উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে জঙ্গি সংগঠনটির সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।