banglahour

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত রিপোর্ট দাখিল সোমবার

জাতীয় | অনলাইন ডেস্ক

(১১ মাস আগে) ৯ মে ২০২৫, শুক্রবার, ৪:০৮ অপরাহ্ন

জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী সোমবার দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

শুক্রবার (৯ মে) দুপুরে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, "আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট আগামী সোমবার চিফ প্রসিকিউটরের কাছে দাখিল করবে বলে আশা করছি। তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শুরু হবে।"

এর আগে চানখারপুল হত্যাকাণ্ডের দায়ে কয়েকজন সিনিয়র পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ওই মামলার ফরমাল চার্জ চলতি সপ্তাহেই দাখিল করা হবে এবং সেটির মধ্য দিয়েই জুলাই গণহত্যার বিচারিক প্রক্রিয়া শুরু হবে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দেয়। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়।

২০২৪ সালের ১৭ ডিসেম্বর দায়ের হওয়া মামলায় অভিযোগ ছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি, হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী ছিলেন শেখ হাসিনা। অভিযোগে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের শাসনামলে শান্তিপূর্ণ ছাত্র ও জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালানো হয়, যাতে প্রাণ হারান প্রায় দেড় হাজার মানুষ।

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে জুলাই-আগস্টের গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল