banglahour

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি ও বিচার দ্রুত বাস্তবায়নের আহ্বান ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার

জাতীয় | অনলাইন ডেস্ক

(১১ মাস আগে) ১১ মে ২০২৫, রবিবার, ২:২৩ অপরাহ্ন

ঢাকা, ১১ মে — আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির দলগত বিচারের বিধান যুক্ত করা এবং ‘জুলাই ঘোষণাপত্র’ অবিলম্বে জারি করার দাবিতে আন্দোলনরত ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক পদক্ষেপকে ‘ইতিবাচক’ হিসেবে দেখলেও তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছে।

এক বিবৃতিতে তারা জানায়, অতীতে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন নিয়ে সরকারের টালবাহানা, আওয়ামী লীগ ও তার সহযোগী বাহিনীর গণহত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের বিচার দীর্ঘসূত্রতা এবং আহত জুলাইযোদ্ধাদের অভিযোগ নিতে থানার গড়িমসি—সবই জনমনে শঙ্কা ও ক্ষোভের জন্ম দিয়েছে। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ধর্ষণ এবং জুলাই গণহত্যার বিচার এখনও সম্পূর্ণ হয়নি বলেও অভিযোগ করা হয়।

ছাত্র-জনতার পক্ষ থেকে দাবি করা হয়, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে তৃণমূল পর্যায়ে, এমনকি রাজধানীতেও আওয়ামী ঘাতকচক্রের হাতে জুলাইযোদ্ধারা হামলার শিকার হচ্ছেন। এসব বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান ও কার্যকর পদক্ষেপ দাবি করেছে তারা।

তারা আরও জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জনবান্ধব ও কার্যকর করতে এর সংস্কার জরুরি। প্রতিটি বিভাগে ট্রাইব্যুনালের অফিস স্থাপন করে ফ্যাসিবাদের ভুক্তভোগীদের ন্যায্য বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

ছাত্র-জনতার অভিযোগ, আওয়ামী লীগের অনুগত সাংস্কৃতিক, মিডিয়া ও অর্থনৈতিক ফ্রন্টগুলো এখনো তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে এবং আন্দোলনকে ভিলিফাই করতে ‘দেশি-বিদেশি চক্রান্ত’ তত্ত্ব ছড়িয়ে দিচ্ছে। এসব কার্যক্রমকে গণতন্ত্রকামী শহীদদের মানবিক মর্যাদার প্রতি চরম অবমাননা হিসেবে উল্লেখ করে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এ বিষয়ে সুস্পষ্ট নীতিমালা দাবি করেছে।

তারা সরকারের প্রতি আহ্বান জানায়, আওয়ামী লীগের সব অর্থনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত্ব ঘোষণা করে নাগরিকদের কল্যাণে ব্যবহারের জন্য অর্ডিন্যান্স জারি করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, গত ১৫ বছরে ভোট ডাকাতির মাধ্যমে যারা ফ্যাসিবাদ কায়েমে সহযোগিতা করেছে, সেই আওয়ামী লীগ ও তার ১৪ দলীয় জোটের অংশীদারদের বিরুদ্ধেও সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে।

ছাত্র-জনতা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল