
(১ বছর আগে) ১১ মে ২০২৫, রবিবার, ৬:৩৪ অপরাহ্ন
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার সকালে সীমান্ত ইউনিয়নের একটি পাঁকা রাস্তা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম।
আটকদের মধ্যে রয়েছেন ২ জন শিশু, ৩ জন নারী ও ৯ জন পুরুষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ৬ মাস আগে ভালো কাজের আশায় বিভিন্ন সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন।
আটকদের মধ্যে রয়েছেন বাগেরহাট, যশোর, খুলনা, নোয়াখালী ও খাগড়াছড়ি জেলার বাসিন্দারা। আটকদের নাম-পরিচয়সহ একটি তালিকা প্রকাশ করেছে বিজিবি।
আটক ব্যক্তিদের রবিবার দুপুরে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং অনুপ্রবেশ রোধে অভিযান অব্যাহত থাকবে।