banglahour

নিরাপত্তা শঙ্কায় স্থগিত পিএসএল, বাংলাদেশে আয়োজনের প্রস্তাব সাবেক ক্রিকেটারের

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১১ মে ২০২৫, রবিবার, ৬:৩৭ অপরাহ্ন

ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার জেরে নিরাপত্তা ঝুঁকির কারণে স্থগিত করা হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেটার, স্টাফ ও দর্শকদের নিরাপত্তা বিবেচনায় তারা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

পিএসএলের লিগ পর্বের চারটি ও প্লে-অফ ও ফাইনাল মিলিয়ে মোট আটটি ম্যাচ বাকি ছিল। প্রাথমিকভাবে এসব ম্যাচ আরব আমিরাতে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হলেও, পরবর্তীতে পুরো টুর্নামেন্টই স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী পিএসএলের বাকি অংশ বাংলাদেশে আয়োজনের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, "যদি টুর্নামেন্টে কোনো ঝামেলা হয়, দয়া করে দুবাইয়ে না নিয়ে গিয়ে বাংলাদেশে নিয়ে যান। ওখানে ক্লাবের ম্যাচেও স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ থাকে।"

৮ মে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশেই ভারতীয় ড্রোন বিস্ফোরণের পর পরই স্থগিত করা হয় সেদিনের পেশাওয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ। পরদিন পুরো টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করে পিসিবি।

যদিও ১০ মে থেকে ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে সংশ্লিষ্ট মহল মনে করছে, নিরাপত্তা পরিস্থিতির দ্রুত উন্নতি হলেও পিএসএলের বাকি অংশ পাকিস্তানে আয়োজন অনিশ্চিত।

এ অবস্থায় পিসিবি ছয় ফ্র্যাঞ্চাইজিকে প্রস্তুত থাকতে বলেছে—বিদেশি খেলোয়াড়দের দুবাইয়ে এবং স্থানীয় খেলোয়াড়দের দেশে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল