
(১ বছর আগে) ১১ মে ২০২৫, রবিবার, ৬:৪০ অপরাহ্ন
ভারত-পাকিস্তান সংঘাতের উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে দুই দেশের ক্রীড়াঙ্গনেও। এর মধ্যে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে পাকিস্তান ক্রিকেট। পিএসএল স্থগিত হওয়ার পর এবার আরও তিনটি ঘরোয়া টুর্নামেন্ট বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
রবিবার পিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-২, আন্ত-জেলা চ্যালেঞ্জ কাপ এবং অনূর্ধ্ব-১৯ আন্তঃজেলা ওয়ানডে টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। যদিও টুর্নামেন্টগুলো ভবিষ্যতে আবার আয়োজনের আশ্বাস দেওয়া হলেও নির্দিষ্ট সময়সূচি এখনো জানানো হয়নি।
এছাড়া বাংলাদেশ ক্রিকেট দল চলতি মাসের শেষদিকে পাকিস্তানে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাওয়ার কথা থাকলেও সেই সিরিজ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। পিসিবি জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নির্দেশনার পরই ফের খেলার কার্যক্রম শুরু হবে।
শুধু পাকিস্তান নয়, ভারতেও এর প্রভাব পড়েছে। নিরাপত্তা শঙ্কার কারণে স্থগিত হয়েছে আইপিএল। একইসঙ্গে পিছিয়ে গেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের একটি স্থানীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
এর আগে ৮ মে রাওয়ালপিন্ডিতে ভারতীয় ড্রোন হামলার ঘটনায় পিএসএলের একটি ম্যাচ স্থগিত করা হয় এবং পরদিন পুরো টুর্নামেন্ট বন্ধ ঘোষণা করা হয়।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১০ মে বিকেল থেকে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা আসে। যদিও দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।