
(১১ মাস আগে) ১২ মে ২০২৫, সোমবার, ২:৪২ অপরাহ্ন
ঢাকা, ১২ মে ২০২৫ — সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার (১২ মে) দুপুরে ট্রাইব্যুনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তাজুল ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে শেখ হাসিনা ছাড়াও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে।
চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুটির বিস্তারিত প্রকাশ করা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়, শেখ হাসিনা রাজাকারের বংশধরদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে রাষ্ট্রীয় বাহিনীগুলোর ওপর তাদের ‘লেলিয়ে দেন’। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ আন্দোলনকারীদের ওপর হামলা চালায়, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে।
দ্বিতীয় অভিযোগটি আরও গুরুতর। তাজুল ইসলাম জানান, তদন্তে শেখ হাসিনার একাধিক টেলিফোন কথোপকথন জব্দ করা হয়েছে, যেখানে তিনি স্পষ্ট নির্দেশ দেন— রাষ্ট্রীয় বাহিনী যেন হেলিকপ্টার, ড্রোন ও এপিসিসহ মারাত্মক অস্ত্র ব্যবহার করে নিরস্ত্র আন্দোলনকারীদের নির্মূল করে। এই প্রামাণ্য তথ্যের ভিত্তিতে ‘সরাসরি হত্যার নির্দেশদাতা’ হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এর আগে, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০ এপ্রিলের মধ্যে মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুসারেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে জানান প্রসিকিউশন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার গণআন্দোলনের সময় সরকারি বাহিনীর গুলিতে প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়। এসব ঘটনায় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নির্বিচার হত্যার অভিযোগ ওঠে। ৫ আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনের অবসান ঘটে।
পরবর্তীতে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এই গণহত্যার বিচার কার্যক্রম শুরু করে। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।