banglahour

তিনতলা ভবন থেকে পড়ে এক বাংলাদেশির মৃত্যু

প্রবাস | অনলাইন ডেস্ক

(১১ মাস আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ১০:১০ পূর্বাহ্ন

সৌদি আরবে কাজ করার সময় তিনতলা ভবন থেকে পড়ে নুর মোহাম্মদ নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় সৌদি আরবের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


এর আগে গত ৯ মে বিল্ডিং কনস্ট্রাকশন কাজ করার সময় অসাবধানতাবশত কারণে তিনতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। নুর মোহাম্মদ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর নাদাগাড়ী এলাকার মমতাজ মন্ডলের ছেলে। নিহত নুর মোহাম্মদের স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে।

নুর মোহাম্মদ এর চাচাতো ভাই সিয়াম আল হাসান দয়া বলেন, তিন বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান নুর মোহাম্মদ। এরপর রিয়াদ শহরে সেখানে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ শুরু করেন। প্রতিদিনের মত ৯ মে কাজ করার সময় অসাবধানতাবশত তিনতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হন নুর মোহাম্মদ। পরে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


তিনি আরও বলেন, বর্তমানে তার লাশ সেই হাসপাতাল মর্গে রাখা আছে। এর আগেও নুর মোহাম্মদ জীবিকার তাগিদে মালয়েশিয়া ও ওমান গিয়েছিলেন। কিন্তু বেশিদিন থাকেননি। পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে দিশাহারা তার পরিবার। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সরকারিভাবে দ্রুত তার লাশ দেশে ফেরতের দাবি জানিয়ে বালিজুড়ী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ওয়াছিম উদ্দিন বলেন, নুর মোহাম্মদ আমার প্রতিবেশী। খুবই ভালো মানুষ ছিলেন। তিনি তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমাদের পক্ষ থেকে যদি তার পরিবারের পাশে থাকা প্রয়োজন হয় আমরা থাকব।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল