banglahour

সরকারি চাকরিজীবীদের জন্য গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা নিয়ে আবারও আলোচনা, সিদ্ধান্ত হতে পারে ২০ মে

জাতীয় | অনলাইন ডেস্ক

(১১ মাস আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ২:৫৯ অপরাহ্ন

চার মাস বিরতির পর সরকারি চাকরিজীবীদের জন্য 'মহার্ঘ ভাতা' চালুর পরিকল্পনা নিয়ে আবারও আলোচনায় ফিরেছে সরকার। গ্রেডভিত্তিক ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ভাতা প্রদানের পরিকল্পনা নিয়ে আগামী ২০ মে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সরকার চলতি বছরের শুরুতেই মহার্ঘ ভাতা কার্যকরের উদ্যোগ নিলেও দেশের অর্থনৈতিক সংকটের কারণে তা বাস্তবায়ন করা হয়নি। এবার নতুন করে ভাতা নিয়ে আলোচনায় নেমেছে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়।

সূত্র জানায়, মহার্ঘ ভাতার খসড়া প্রস্তাবে বলা হয়েছে—১১তম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীরা পেতে পারেন সর্বোচ্চ ২০ শতাংশ ভাতা, আর প্রথম থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের জন্য ১০ বা ১৫ শতাংশ ভাতা প্রদানের সুপারিশ রয়েছে।

এ ভাতা কার্যকর হলে আগামী অর্থবছরে সরকারের ব্যয় বাড়বে প্রায় ৬ থেকে ৭ হাজার কোটি টাকা। তবে মহার্ঘ ভাতা চালু হলে ওই বছরের জন্য সরকারি চাকরিজীবীদের ৫ শতাংশ ইনক্রিমেন্ট আর দেওয়া হবে না বলে প্রস্তাবে উল্লেখ রয়েছে।

বর্তমানে দেশে প্রায় ১৪.৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। চলতি অর্থবছরের মূল বাজেটে তাদের বেতন-ভাতা খাতে বরাদ্দ ছিল ৮২,৯৯০ কোটি টাকা, যা মোট বাজেটের ১০.৪১ শতাংশ। সংশোধিত বাজেটে এটি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮৪ হাজার কোটি টাকায়।

অর্থ উপদেষ্টার নেতৃত্বে গঠিত কমিটি আগামী বৈঠকে প্রস্তাবটি চূড়ান্তভাবে উপস্থাপন করবেন বলে জানা গেছে। সেখান থেকেই মহার্ঘ ভাতার বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল