
(১ বছর আগে) ১৯ মে ২০২৫, সোমবার, ১:৩৭ অপরাহ্ন
১৯ মে ২০২৫ | আবহাওয়া ডেস্ক
দেশের আটটি অঞ্চলে আজ সোমবার সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এই ঝড়ের আশঙ্কার প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, একই দিনে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি, সকাল ৯টার মধ্যে ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মে মাসের শেষভাগে আবহাওয়া চরমভাবাপন্ন হয়ে ওঠে। তাই নদী ও উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।