
(১১ মাস আগে) ১৯ মে ২০২৫, সোমবার, ৭:৩২ অপরাহ্ন
বাংলাদেশ ও পাকিস্তান পারস্পরিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী হয়ে উঠেছে। এ কারণে দেশ দুটি একে অপরের ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। উভয় দেশের মধ্যে সহযোগিতার নতুন এই উদ্যোগকে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইকবাল হুসেইন খান জানান, দুই দেশের ব্যবসায়ীদের ভিসা প্রাপ্তি সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যবসায়ী মহল আশা প্রকাশ করেছেন, এতে করে ব্যবসা সম্প্রসারণের পথ প্রশস্ত হবে, নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে এবং দুই দেশের মধ্যকার রাজনৈতিক ও সামাজিক সম্পর্কও আরও ঘনিষ্ঠ হবে।
বিশ্লেষকদের মতে, এই ভিসা সহজীকরণ কেবল ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেই নয়, বরং সাংস্কৃতিক, শিক্ষা ও পর্যটনের মতো খাতেও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করবে। ভিসা প্রক্রিয়ার জটিলতা অনেক সময়ই দুই দেশের সম্ভাবনাময় অংশীদারত্বকে বাধাগ্রস্ত করেছে। ফলে এই উদ্যোগকে তারা সময়োপযোগী এবং যুগান্তকারী বলে বিবেচনা করছেন।