banglahour

বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথে আর বাধা নেই, রিট খারিজ হাইকোর্টে

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ১:২৫ অপরাহ্ন

ঢাকা, ২২ মে: বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে আর কোনো আইনগত বাধা নেই। কারণ, এ সংক্রান্ত একটি রিট আবেদন আজ বৃহস্পতিবার হাইকোর্ট খারিজ করে দিয়েছে।

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশে বলা হয়, রিটকারীর এ মামলায় রিট করার এখতিয়ার নেই। এটি জনস্বার্থ সংশ্লিষ্ট নয়, বরং ব্যক্তি স্বার্থ সংশ্লিষ্ট। তাই রিট সরাসরি খারিজ করা হয়েছে।

এদিকে রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার ঘোষণা দিয়েছেন রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু। তিনি দাবি করেন, আদেশটি জোরপূর্বক আদায় করা হয়েছে এবং এ বিষয়ে চেম্বার আদালতে যাবেন।

অন্যদিকে বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “রিট খারিজ হওয়ায় শপথে আর কোনো বাধা নেই। ২৪ ঘণ্টার মধ্যে শপথ না করালে আদালত অবমাননা হবে।”

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “যিনি এতদিন শপথে বাধা দিয়েছেন, তিনি কোনো দলের হয়ে কাজ করেছেন। আজকের রায়ের পর সব বাধা দূর হয়েছে।”

উল্লেখ্য, গত ১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ঠেকাতে হাইকোর্টে রিট দায়ের করেন ডিএসসিসির বাসিন্দা মো. মামুনুর রশিদ। এছাড়াও, তাকে মেয়র ঘোষণা করা প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদনও জানান তিনি।

এখন দেখার বিষয়, কত দ্রুত ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানো হয় এবং এরপর পরিস্থিতি কী মোড় নেয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল