
(১ বছর আগে) ২৫ মে ২০২৫, রবিবার, ১:০৯ অপরাহ্ন
নদীর কবলে হারিয়ে যাচ্ছে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান, বসত ভিটাসহ ফসলী জমি। তাই নদীভাঙন রোধে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার তেতুলিয়া, মাসকাটা, কালাবাদর নদীভাঙন থেকে রক্ষা পেতে শিক্ষার্থী ও হাজার হাজার চরগোপালপুর, আলিমাবাদ ও জাঙ্গালিয়ার স্থানীয় বাসিন্দারা এই মানববন্ধন পালন করে।
তীব্র নদীভাঙনের ফলে ইতোমধ্যে এই দ্বীপ উপজেলার ১৩শ পরিবারসহ অনেকে শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, বাজারসহ প্রায় ২ হাজার একর কৃষি জমি নদীর্গতে বিলীন হয়ে গেছে।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আমাদের প্রিয় স্কুল, কলেজ ও মাদ্রাসা নদীর কবলে ভেঙ্গে যাচ্ছে তা রক্ষার জন্য সকলে উপস্থিত হয়ে সরকারের কাছে আবেদন করছি তারা যেন স্থায়ীভাবে নদী ভাঙ্গন থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা করে। তারা আরো বলেন, ইতোমধ্যে নদী ভাঙনের ফলে আমাদের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে। এখন যে কয়টি আছে তা যদি ভেঙে যায় তাহলে আমাদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। কারণ আমাদের পরিবারের শহরে গিয়ে লেখাপড়া করার মত সামর্থ্য নেই। তাই সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের আমাদের স্কুল রক্ষার বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।
মানববন্ধনে উপস্থিত শিক্ষক ও এলাকা জানান, দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা বৈষম্য শিকার। ২০০ বছরের পুরানো এই এলাকা দিন দিন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ফলে অনেক ফসলী জমি, বাজারহাট বিলীন হয়ে গেছে। তাই এই জনপদকে রক্ষায় জন্য অতিদ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন নদীগর্ভে বিলীন হওয়ার আগে শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার, ফসলী জমি রক্ষা করে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, অগ্রাধিকার ভিত্তিতে আমরা নদীভাঙন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষায় চেষ্টা করব। তবে স্থায়ী সমাধানের জন্য প্রকল্পের প্রয়োজন হয়। সরকারিভাবে প্রকল্প আসলে আমরা অতি দ্রুত কাজ শুরু করব বলে তিনি আশ্বস্ত করেন।