banglahour

নিজস্ব প্রযুক্তির রাডার বসিয়ে বিমান চলাচলে নতুন মাইলফলক ছুঁলো ইরান

অন্যান্য | মতামত ডেস্ক

(১ বছর আগে) ২৫ মে ২০২৫, রবিবার, ২:২৬ অপরাহ্ন

পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজস্ব প্রযুক্তিতে তৈরি মনোপালস সেকেন্ডারি সার্ভেইলেন্স রাডার (এমএসএসআর-মোড এস) স্থাপন করেছে ইরান। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবাদান বিমানবন্দরে রাডারটি বসানো হয়েছে। রোববার (২৫ মে) প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভিডিও লিঙ্কের মাধ্যমে এর উদ্বোধন করেন বলে জানিয়েছে মেহর নিউজ।

ইরানের পরিবহন মন্ত্রণালয় বলছে, এই উন্নত রাডার সিস্টেম দেশের আঞ্চলিক বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করবে। রাডারটির নকশা ও উৎপাদনে ইসফাহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

রাডারটি ৪৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের ওপর নজরদারি করতে সক্ষম। পুরো প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ৬.৯ মিলিয়ন ইউরো, যা বিদেশ থেকে আমদানির তুলনায় এক মিলিয়ন ইউরো কম।

ইরান এয়ারপোর্টস অ্যান্ড এয়ার ন্যাভিগেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরানি জানান, এই রাডার স্থাপন ইরানের আত্মনির্ভরতা ও প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক। পাশাপাশি, দেশীয় কোম্পানিগুলো বর্তমানে এক ডজনের বেশি নিষ্ক্রিয় বিমান মেরামত করছে এবং বিদেশি এয়ারলাইনের জন্য ওভারহল ও ইন্সপেকশন সেবা দিচ্ছে।

২০২৪ সালের শেষ দিকে ইরান জানায়, তারা বোয়িং ও এয়ারবাস বিমানের ইঞ্জিন যন্ত্রাংশ উৎপাদনের প্রযুক্তিও আয়ত্ত করেছে। নিষেধাজ্ঞার কারণে প্রযুক্তিগত ও বিনিয়োগগত সীমাবদ্ধতার মধ্যেও দেশটির এই অর্জন বিমান পরিবহন খাতে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল