
(১ বছর আগে) ২৭ মে ২০২৫, মঙ্গলবার, ১:৪৩ অপরাহ্ন
অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ এবং মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবিতে সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা আজ সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন। তবে গ্রাহকদের বিদ্যুৎ সেবা চালু রাখা হয়েছে।
গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী তাজুল ইসলাম এই কর্মসূচির ঘোষণা দেন। আজ আন্দোলনের সপ্তম দিনে শহীদ মিনারে অবস্থান করছেন হাজারো কর্মকর্তা-কর্মচারী। তারা জানিয়েছেন, নতুন সংযোগ, অফিস কার্যক্রম এবং প্রশাসনিক কাজে তারা অংশ নেবেন না। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকেও (আরইবি) কোনো সহায়তা করা হবে না।
আন্দোলনকারীরা জানান, সাত দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আন্দোলনের মধ্যে থাকলেও গ্রাহক সেবা চালু রাখার কথাও নিশ্চিত করেন তারা।
দাবিগুলো হলো:
১. আরইবি চেয়ারম্যানকে অপসারণ।
২. অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন ও আরইবি-পবিস একীভূতকরণ।
৩. অস্থায়ী কর্মীদের চাকরি নিয়মিতকরণ।
৪. মিথ্যা মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুতদের পুনর্বহাল।
৫. হয়রানি ও শাস্তিমূলক বদলি বাতিল।
৬. পর্যাপ্ত জনবল নিয়োগ ও শিফট ডিউটির বাস্তবায়ন।
৭. পূর্ণ সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন।
আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।