
(১০ মাস আগে) ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার, ২:২০ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা—জামায়াতে ইসলামীর নারী শিক্ষার্থীদের সংগঠন। বুধবার (২৮ মে) সংগঠনটির নেত্রীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করে দাবি-দাওয়ার স্বারকলিপি জমা দেওয়ার মাধ্যমে এই যাত্রা শুরু করে।
ঢাবি শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না (উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ১৯-২০ সেশন) এবং সেক্রেটারি মোছা. আফসানা আক্তার (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ১৯-২০ সেশন) হলেন এই নতুন কমিটির নেতৃত্ব।
সাবিকুন্নাহার বলেন, “ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের কারণে এতদিন ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম করা সম্ভব হয়নি। তবে ৫ আগস্টের পর কেন্দ্রীয় নির্দেশনায় আমরা আবার সক্রিয় হয়েছি এবং এখন প্রাথমিক কাঠামো গঠন করে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছি।”
সেক্রেটারি আফসানা জানান, “বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ১৯৭৮ সাল থেকে দেশের বিভিন্ন জায়গায় কাজ করছে। অতীতে ঢাবিতে সংগঠনটি ডাকসু নির্বাচনেও অংশ নিয়েছে।”
গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পালাবদলের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির প্রকাশ্য কার্যক্রম দেখা গিয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরল ছাত্রী সংস্থা।