banglahour

লালমনিরহাটে এনসিপির পথসভা: “সার্বভৌমত্বে আপস নয়, ভারতের দাসত্ব মেনে নেব না”—সারজিস আলম

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার, ৭:১৯ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রামে এক পথসভায় বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস হবে না। সীমান্ত দিয়ে পুশইন বা এজেন্ট পাঠানোর ঘটনাকে তিনি দেশের বিরুদ্ধে চক্রান্ত হিসেবে উল্লেখ করেন।

চোরঙ্গী মোড়ে আয়োজিত পথসভায় সারজিস আলম বলেন, "প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, কিন্তু দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেব না। বাংলাদেশ কারো দাসত্ব মেনে নেবে না—না ভারতের, না অন্য কারো।"

তিনি ভারতের প্রতি ইঙ্গিত করে বলেন, "যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকবে, ততদিন বাংলাদেশ-ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে হবে।"

বিদ্যুৎ প্রকল্পের প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বাংলাদেশের টাকা লুটপাট করে ভারতের আদানিদের পকেট ভারি করা হয়েছে। “বিদ্যুৎ প্রকল্পের নামে কোটি কোটি টাকা চুরি করে খুনি হাসিনার পরিবার ভারতীয় কোম্পানির সঙ্গে ভাগাভাগি করেছে,” বলেন সারজিস।

তিনি বলেন, "বিজিবির শুধু অস্ত্র নয়, আছে কলিজার শক্তিও। ১৯৭১ সালে অস্ত্র না থাকলেও আমরা কলিজা দিয়ে দেশ স্বাধীন করেছি। আজও সেই সাহস থাকতে হবে।"

সাধারণ মানুষকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনারাও একজন করে সীমান্ত রক্ষী। সবাইকে সজাগ থাকতে হবে। আপস নয়, সর্বদা লড়াই চলবে।"

এদিন সারজিস আলম পাটগ্রামের পথসভা ছাড়াও হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও লালমনিরহাট সদরে লিফলেট বিতরণ ও আরও কয়েকটি পথসভায় অংশ নেন।

এই কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, ডা. মাহমুদা মিতু, সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক এবং সংগঠক রাসেল আহমেদ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল