
(১ বছর আগে) ১ জুন ২০২৫, রবিবার, ১০:৩০ অপরাহ্ন
মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে গেছে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা। রোববার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টার বৃষ্টিতে প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত হাঁটুপানি জমে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় দেখা দিয়েছে ক্ষয়ক্ষতি।
ময়মনসিংহ আবহাওয়া অফিস জানায়, ২৪ ঘণ্টায় ৯৪ মিলিমিটার এবং রোববার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
নগরীর বাঘমারা, বলাশপুর, পালপাড়া, মাদ্রাসা কোয়ার্টার, চরপাড়া, ত্রিশাল বাসস্ট্যান্ড, সানকিপাড়া, গোলকিবাড়ী, নতুনবাজার, গাঙ্গিনারপাড়, খাগডহর ও রেললাইন বস্তি এলাকায় হাঁটুপানি জমে যায়। রাস্তায় পানি থাকায় মানুষজনকে হাঁটু পানির মধ্যে দিয়েই চলাচল করতে হয়। অনেক দোকানে পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হয়েছে।
নগরবাসীর অভিযোগ, সিটি করপোরেশনের অপরিকল্পিত নগরায়ন ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থাই এ জলাবদ্ধতার মূল কারণ। ড্রেনগুলো অপরিচ্ছন্ন ও নালাগুলো ভরাট হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই পানিতে ডুবে যায় পুরো এলাকা।
এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া বলেন, “নগরীতে ড্রেন পরিচ্ছন্নতার কাজ চলছে এবং ১২০ কিলোমিটার নতুন ড্রেন নির্মাণ করা হচ্ছে। সময়সাপেক্ষ হলেও আগামী বছর নাগরিকরা উপকৃত হবেন।”