
(১ বছর আগে) ২ জুন ২০২৫, সোমবার, ৪:২৩ অপরাহ্ন
ঢাকা, সোমবার — বিচার বিভাগের চলমান সংস্কার প্রক্রিয়ায় গণমাধ্যমের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কার্যালয়ে ল’ রিপোটার্স ফোরামের বার্ষিক প্রকাশনা ‘প্রজন্ম ২৪’–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।
প্রধান বিচারপতি বলেন, “বিচার বিভাগের সংস্কারের জন্য আমরা নিরলসভাবে কাজ করছি। এই কাজে গণমাধ্যম ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আশা করছি, এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আপিল বিভাগের রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান, সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসাইন ও প্রধান বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভূঁঞা।
ল’ রিপোটার্স ফোরামের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, সাবেক সাধারণ সম্পাদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, যুগ্ম সম্পাদক আলমগীর মিয়া ও সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ।