banglahour

চান্দিনায় স্কুলমাঠে গরুর হাট, পাঠদান ব্যাহত: ক্ষোভে শিক্ষক-অভিভাবকরা

মতামত | মতামত ডেস্ক

(১ বছর আগে) ২ জুন ২০২৫, সোমবার, ৯:১৫ অপরাহ্ন

কুমিল্লা, ২ জুন — ঈদের আগে শেষ কার্যদিবসেও পাঠদান বন্ধ থাকল কুমিল্লার চান্দিনায় দোল্লাই নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কারণ—বিদ্যালয়ের মাঠ দখল করে বসেছে গরুর হাট। শুধু মাঠেই নয়, বৃষ্টি হলে গরু উঠে পড়ছে স্কুলের বারান্দায়ও!

সোমবার সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, গরু-ছাগলে ভর্তি বারান্দা ও মাঠ। শুধু অফিস কক্ষ খোলা, শ্রেণিকক্ষগুলো তালাবদ্ধ। এমন অবস্থায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরাজ করছে চরম ক্ষোভ ও হতাশা

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন বলেন, “বছরের পর বছর স্কুল মাঠে হাট বসে। বারবার অভিযোগ জানালেও কেউ ব্যবস্থা নেয়নি। এবার তাই বলিনি কিছু। এখন শিক্ষক-শিক্ষিকারাও স্কুলে আসতে পারছেন না।”

প্রশাসনের নির্লিপ্ততা, ইজারাদারের সুবিধাবাদ

তথ্য অনুসন্ধানে জানা গেছে, দোল্লাই নবাবপুরসহ উপজেলায় চারটি স্থায়ী গরুর বাজারের মধ্যে এই বাজারটি ৫৪ লাখ টাকায় ইজারা নেয়া হয়। ঈদের মৌসুমে সেটি সরিয়ে এনে বসানো হয় বিদ্যালয়ের মাঠে। প্রশাসন থেকে ইজারা দেওয়া হলেও বাজার বসছে বিদ্যালয় চত্বরে, যা নিয়মবিরুদ্ধ।

শুধু দোল্লাই নয়, উপজেলার ২৬টি গরুর হাটের মধ্যে অন্তত ৪টি হাট বসেছে স্কুলমাঠে—শ্রীমন্তপুর, কাদুটি ও ধেরেরা স্কুলে। এতে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে, মাঠগুলো হয়ে পড়ছে কর্দমাক্ত ও খেলাধুলার অনুপযোগী।

ইউএনওর অস্বীকৃতি

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক বলেন, “স্কুলমাঠে গরুর হাট বসানোর অনুমতি আমি দেইনি।” সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি সহকারী কমিশনারকে ঘটনাস্থলে পাঠিয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয়রা বলছেন, বছরের পর বছর একই দৃশ্য দেখা গেলেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেই। শিশুদের শিক্ষা ও নিরাপত্তা হুমকির মুখে পড়লেও ‘ইজারার অজুহাতে’ চলছেই এমন অব্যবস্থা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল