
(১ বছর আগে) ৩ জুন ২০২৫, মঙ্গলবার, ৬:২৫ অপরাহ্ন
ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাগরিকদের ব্যক্তিগত তথ্য রাষ্ট্রীয় সম্পদ হিসেবে গণ্য করা উচিত এবং এসব তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিকদের তথ্য গোপনীয়তা এবং সুরক্ষা বজায় রেখে আইনানুগ পদ্ধতিতে তা সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার করা উচিত। যদিও দেশে ব্যক্তিগত তথ্যের ব্যবহার দীর্ঘদিন ধরে প্রচলিত, তবে এ বিষয়ে এতদিন কোনো আইন না থাকায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো নির্বিচারে এসব তথ্য সংগ্রহ ও আদান-প্রদান করে আসছে, যার ফলে সাধারণ মানুষ ক্ষতির শিকার হচ্ছেন।
মন্ত্রণালয় জানায়, প্রতিবেশী দেশগুলোর প্রাসঙ্গিক আইন ও আন্তর্জাতিক চর্চার আলোকে একটি ব্যবসাবান্ধব এবং আধুনিক আইনের রূপরেখা ধরে অধ্যাদেশের খসড়া প্রণয়ন করা হয়েছে।
এ লক্ষ্যে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন, আন্তর্জাতিক সংস্থা, গণমাধ্যম এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতামত বিবেচনায় খসড়াটি একাধিকবার অনলাইনে প্রকাশ এবং স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হয়। মতামত যাচাই-বাছাই করে খসড়াটি বর্তমানে চূড়ান্ত রূপে পৌঁছেছে।
এই অধ্যাদেশ বাস্তবায়িত হলে দেশের তথ্য নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।