banglahour

লন্ডনের জ্যামে আটকে ইংল্যান্ড ক্রিকেটাররা, সাইকেল চালিয়ে মাঠে পৌঁছালেন

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩ জুন ২০২৫, মঙ্গলবার, ৭:৫৮ অপরাহ্ন

লন্ডন, ৩ জুন — রাস্তায় প্রচণ্ড যানজটে পড়ে সময়মতো মাঠে পৌঁছাতে না পেরে শেষ পর্যন্ত সাইকেল চালিয়ে ‘দ্য ওভাল’-এ পৌঁছালেন ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা। মঙ্গলবার (৩ জুন) লন্ডনের কেনসিংটন ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টস হয় ৬টা ১০ মিনিটে। নির্ধারিত সময়ের আধঘণ্টা আগে টস হওয়ার কথা থাকলেও যানজটের কারণে উভয় দলের খেলোয়াড়রা সময়মতো মাঠে পৌঁছাতে পারেননি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, টেমস নদীর উত্তরাঞ্চলে তীব্র জ্যামের কারণে একটি দল মাঠে পৌঁছাতে দেরি করে। পরে খেলোয়াড়রা পৌঁছালে ম্যাচ অফিসিয়ালরা সময় সমন্বয় করেন।

ইসিবি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ইংল্যান্ডের কয়েকজন খেলোয়াড় সাইকেল চালিয়ে মাঠে প্রবেশ করছেন। ভিডিওর ক্যাপশনে মজার ছলে লেখা হয়েছে— ‘নিজস্ব স্টাইলেই পৌঁছালেন তারা। লন্ডনে সড়ক অবরোধকে হার মানানোর এটাই একমাত্র উপায়।’

তবে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো দাবি করেছে, ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়রাই জ্যামে আটকে পড়েছিলেন।

এদিন টস জিতে ইংল্যান্ড ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। আগের দুটি ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া ক্যারিবীয়রা ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায়।

মজার এই সাইকেল-যাত্রা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল