banglahour

চরবউডুবার ভাঙা রাস্তা সংস্কার ও অবৈধ ড্রেজার বন্ধের দাবিতে মানববন্ধন

সারাদেশ | মো:রাকিবুল হাছান, বরিশাল ব্যুরো প্রধান

(১ বছর আগে) ৩ জুন ২০২৫, মঙ্গলবার, ৯:৩৩ অপরাহ্ন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরবউডুবা এলাকার জনগুরুত্বপূর্ণ সড়ক চরবউডুবা-পাতারহাট সড়ক সংস্কার ও অবৈধ ড্রেজার মেশিন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

সোমবার (২ জুন) দুপুরে চরবউডুবার ভাঙন কবলিত স্থানে শত শত মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। এতে তিনটি ইউনিয়নের—দড়িচর খাজুরিয়া, সদর ইউনিয়ন ও জাঙ্গালিয়া ইউনিয়নের—অন্তত ২০ হাজার মানুষের সরাসরি যোগাযোগের একমাত্র সড়ক রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

স্থানীয়রা জানান, সম্প্রতি ঘূর্ণিঝড় "শক্তি"-এর প্রভাবে প্রায় ১ কিলোমিটার সড়ক খালে ধসে গেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের চলাচলের একমাত্র ভরসা এই সড়কটি। এখন তা এতটাই ভেঙে পড়েছে যে, হেঁটে চলাচল করাও বিপজ্জনক হয়ে উঠেছে। গাড়ি চলাচল তো বহু আগেই বন্ধ হয়ে গেছে।

মানববন্ধনে অংশ নেওয়া সোলাইমান ফকির, সমাজকর্মী আকবর হোসেন রিপন, অটোচালক সফর আলী বেপারি, মসজিদের ইমাম কামরুল ইসলাম এবং কলেজ শিক্ষার্থী জাকারিয়া বলেন, সড়কের দুরবস্থার কারণে রোগীদের হাসপাতালে নেওয়া যাচ্ছে না, শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারছে না। অবৈধ ড্রেজার মেশিন ব্যবহারের ফলে ভাঙনের তীব্রতা আরও বেড়েছে বলে অভিযোগ তাদের।

তারা অবিলম্বে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সড়ক সংস্কারের পাশাপাশি অবৈধভাবে খনন কাজ পরিচালনাকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান বলেন, “সড়কের বেহাল অবস্থার খবর পেয়েছি। অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল