
(১ বছর আগে) ৪ জুন ২০২৫, বুধবার, ১২:২৬ অপরাহ্ন
আইপিএলের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। টুর্নামেন্টের ১৮তম আসরে এসে অবশেষে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেল দলটি।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রজত পাতিদারের নেতৃত্বাধীন আরসিবি।
এর আগে দলটিকে নেতৃত্ব দিয়েছেন সাতজন অধিনায়ক, তিনবার ফাইনালে উঠেও শিরোপা অধরাই থেকে গিয়েছিল। সবচেয়ে বড় ব্যর্থতা ছিল ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির নেতৃত্বে শিরোপা না জেতা।
তবে এবারের অর্জনে কোহলি যেন নিজেরই স্বপ্নপূরণ দেখলেন। ফাইনালের পর তিনি রজত পাতিদারের প্রশংসায় ভাসান এবং ব্যক্তিগতভাবে একটি বিশেষ উপহার দেন তাকে। কোহলি নিজের ব্যাট—যেটিতে এমআরএফ স্টিকার ছিল—সেটি তুলে দেন পাতিদারের হাতে।
ড্রেসিংরুমে উপস্থিত ছিলেন এবি ডি ভিলিয়ার্সও। কোহলির ব্যাট উপহার পেয়ে আবেগে আপ্লুত হন অধিনায়ক পাতিদার। ব্যাটটি চুমু খেয়ে নিজের অনুভূতির প্রকাশ করেন তিনি।
দীর্ঘ প্রতীক্ষার পর আরসিবির এই সাফল্য সমর্থকদের জন্য যেমন আবেগঘন, তেমনি আইপিএল ইতিহাসেও স্মরণীয় হয়ে থাকবে।