
(১ বছর আগে) ৪ জুন ২০২৫, বুধবার, ১০:৩৮ অপরাহ্ন
ঢাকা, ৪ জুন — আসন্ন ঈদ উপলক্ষে রাজধানীর সদরঘাটে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। বুধবার সরকারি অফিসের শেষ কর্মদিবস শেষে বিকেল থেকেই লঞ্চঘাটে বাড়তে থাকে যাত্রীদের চাপ। পন্টুন থেকে শুরু করে লঞ্চ পর্যন্ত সবখানেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সরেজমিনে দেখা গেছে, সারা বছর অপেক্ষাকৃত ফাঁকা থাকা সদরঘাট এখন ব্যস্ততায় ভরপুর। যাত্রীদের হাঁকডাকে ফিরেছে চিরচেনা প্রাণচাঞ্চল্য। ঈদের লম্বা ছুটির কারণে এবার যাত্রীদের মাঝে উচ্ছ্বাসও চোখে পড়ার মতো।
অনেক যাত্রীই জানিয়েছেন, এবার সদরঘাটের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক ভালো। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও টার্মিনাল ব্যবস্থাপনায় স্বস্তি প্রকাশ করেছেন তারা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত নিরাপত্তা ব্যবস্থা পুরো টার্মিনালজুড়ে কাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে নিয়মিত টহল দিচ্ছেন সদস্যরা।
সদরঘাটের ইজারাদার মোহাম্মদ সুমন ভূঁইয়া বলেন, “যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবীদের পাশাপাশি কুলিদের কার্যক্রমও নিয়ন্ত্রণে রাখা হয়েছে।”
এদিকে সদরঘাট লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সালাম জানান, “ঈদে ভাড়া বাড়ানো হয়নি। যাত্রীর চাপ সামলাতে বুধবার থেকেই অতিরিক্ত ৬০টি ছোট-বড় লঞ্চ নামানো হয়েছে। প্রয়োজনে আরও লঞ্চ প্রস্তুত রাখা আছে।”
সদরঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. লিটন জানান, “নিরাপত্তা জোরদার করা হয়েছে। বহু সিসি ক্যামেরার মাধ্যমে টার্মিনাল পর্যবেক্ষণ করা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো বড় ধরনের অপরাধের ঘটনা ঘটেনি।”
লঞ্চযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সব সংস্থার সমন্বিত প্রচেষ্টা চোখে পড়েছে এবার। যাত্রীরা আশা করছেন, শেকড়ের টানে নদীপথের এ যাত্রা হবে ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলবে।