
(১ বছর আগে) ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১:২১ অপরাহ্ন
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পাল্টে গেছে দৃশ্যপট। দীর্ঘদিন ধরে যে উন্মাদনা ক্রিকেট ঘিরে ছিল, সেটি এবার জায়গা করে নিয়েছে ফুটবলে। ঈদের ছুটি, তার মাঝেই ১০ জুনের বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে দেশজুড়ে বইছে ফুটবল জোয়ার। টিকিটের জন্য হাহাকার, স্টেডিয়ামে ঢুকতে না পারার হতাশা, সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস—সব মিলে যেন পুরনো সেই ফুটবল-যুগ ফিরে এসেছে।
এই উত্তেজনার মূল চরিত্র হামজা চৌধুরী। অভিষেক ম্যাচেই দুর্দান্ত এক গোল করে বাংলাদেশি সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি এই মিডফিল্ডার। তার সেই গোলের অ্যাসিস্ট দিয়েছেন জামাল ভূঁইয়া। এরপর সোহেল রানার আরও একটি অসাধারণ গোলে মালদ্বীপের বিপক্ষে এসেছে ২-০ গোলের জয়।
ফুটবলের প্রতি এই নতুন ভালোবাসা ছুঁয়ে গেছে ক্রিকেটারদেরও। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরেই অনেক ক্রিকেটার ম্যাচ দেখতে চান বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক তারকা ক্রিকেটার। তাঁর কথায়, “অনেকদিন পর ফুটবল ম্যাচ দেখার ইচ্ছা হয়েছে। শুনছি টিকিটই পাওয়া যাচ্ছে না!”
এই পরিস্থিতি থেকে স্পষ্ট, ক্রিকেট এখন গৌণ আলোচনায়। মিরপুরের হোম অব ক্রিকেটে এখন নিরবতা, একদিকে টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতা, অন্যদিকে ফুটবলের জোয়ারে মনোযোগ সরেছে ভক্ত-সমর্থকদের।
বাংলাদেশের সামনে এবার সিঙ্গাপুর চ্যালেঞ্জ। শেষ ছয় ম্যাচে জয় না পাওয়া দলটির বিপক্ষে জয় পেলে আরও একধাপ এগিয়ে যাবে লাল-সবুজরা। লক্ষ্য, এশিয়ান কাপে খেলার স্বপ্ন ছুঁয়ে ফেলা।
ফুটবল এখন আবারও হয়ে উঠছে দেশের মূল স্পন্দন। হামজা-জামাল-সোহেলদের পারফরম্যান্সে দেশের ক্রীড়াঙ্গনে ফিরেছে এক নতুন প্রাণ।