
(১ বছর আগে) ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১:২১ অপরাহ্ন
ঢাকা, ৫ জুন ২০২৫
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার এক পলাতক আসামিকে রাজধানীর কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃত যুবকের নাম কুরবান আলী (২৫), যিনি যশোর জেলার বাঘারপাড়া থানার মামুদালীপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) শিরিন আক্তার জাহান। তিনি জানান, বুধবার কেরানীগঞ্জ মডেল থানার ব্রাহ্মণকিত্তা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এটিইউ’র একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযানে কুরবান আলীর কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি স্মার্টফোনও জব্দ করা হয়।
শিরিন আক্তার জাহান জানান, কুরবান আলী খুলনার বটিয়াঘাটা থানার একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি-প্রত্যাশী নারী শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিলেন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যাত হলে তিনি ভুক্তভোগীর ছবি ও ভিডিও সংগ্রহ করে সেগুলো এডিট করে অশ্লীল কনটেন্ট তৈরি করেন। এরপর এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
অভিযোগ আরও জানায়, ভিকটিম যখন এসব থেকে বিরত থাকতে অনুরোধ করেন, তখন কুরবান আলী প্রথমে অর্থ দাবি করেন এবং পরে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। অসহায় হয়ে ওই শিক্ষার্থী এটিইউ অ্যাপের মাধ্যমে লিখিত অভিযোগ দাখিল করেন। পরে তার ভাই বটিয়াঘাটা থানায় একটি মামলা দায়ের করেন।
তথ্য প্রযুক্তির সহায়তায় কুরবান আলীকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।