banglahour

চিলির বিপক্ষে মেসির খেলা অনিশ্চিত, স্কালোনির সিদ্ধান্ত হয়নি এখনো

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৪:১৩ অপরাহ্ন

বুয়েনস আইরেস, ৫ জুন — চিলির বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাই ম্যাচে লিওনেল মেসি শুরু থেকে খেলবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বুধবার সংবাদমাধ্যমকে তিনি জানান, ৩৭ বছর বয়সী মেসির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্কালোনি বলেন, “আমরা সম্প্রতি মেসির সঙ্গে কথা বলেছি। তার অবস্থা বুঝে সিদ্ধান্ত নেব। এটা খুব গুরুত্বপূর্ণ যে, সে শারীরিকভাবে কতটা প্রস্তুত।”

২০২৬ বিশ্বকাপের যোগ্যতা ইতোমধ্যেই অর্জন করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। তবে বৃহস্পতিবার তারা মুখোমুখি হবে তালিকার নিচের দিকে থাকা চিলির।

এই ম্যাচে দলের বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড় ইনজুরি বা নিষেধাজ্ঞার কারণে অনুপস্থিত থাকছেন। স্কালোনি বলেন, “আমরা অনেককেই পাচ্ছি না। যাদের ডেকেছি, তারা যদি প্রস্তুত থাকে, তাহলে খেলার সুযোগ পাবে।”

তিনি জানান, এখনো শুরুর একাদশ নির্ধারিত হয়নি। তবে যেসব খেলোয়াড়দের প্রস্তুত মনে হচ্ছে, তাদের কিছু সময় মাঠে দেখা যাবে। “ফলাফল অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এই মুহূর্তে আমরা চাই, খেলোয়াড়রা আত্মবিশ্বাস অর্জন করুক ও দলে মানিয়ে নিক।”

স্কালোনি আরও বলেন, “দলের মনোভাব আগের মতোই রয়েছে। আমরা খেলতে চাই, নতুনদের দেখতে চাই। একটা ম্যাচ কখনোই বাতিল ভাবার মতো নয়। আমরা এমনিতেই বেশি ম্যাচ খেলি না। এই ম্যাচটিও আমাদের জন্য দারুণ সুযোগ।”

এ সময় ব্রাজিল দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নিয়োগ নিয়েও মন্তব্য করেন স্কালোনি। তার ভাষায়, “এটা ব্রাজিলের জন্য চমৎকার সিদ্ধান্ত। আনচেলত্তি বিশ্বের অন্যতম সেরা কোচ এবং সে ব্রাজিলকে আরও শক্তিশালী করবে।”

তিনি আরও যোগ করেন, “আমি তার পেশাদারিত্ব ও আচরণকে শ্রদ্ধা করি। সে দলে নতুন কিছু নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। আমি তাকে শুভকামনা জানাই।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল