
(১ বছর আগে) ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৪:১৫ অপরাহ্ন
রিয়াদ, ৫ জুন — চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বারবার হোঁচট, আর পিএসজির কাছে বড় হারে হতাশা—সব মিলিয়ে ইউরোপ ছাড়ার সিদ্ধান্ত নিলেন সিমোন ইনজাঘি। ইতালিয়ান কোচ এখন নতুন মিশনে, সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
ইউরোপীয় মিডিয়াগুলোর খবর অনুযায়ী, ইনজাঘির নতুন চুক্তিতে তার বার্ষিক আয় ২০ মিলিয়ন ইউরোরও বেশি। হিলালের সঙ্গে তার দুই বছরের চুক্তি সম্পন্ন হয়েছে এবং ক্লাব বিশ্বকাপে দলের কোচ হিসেবে অভিষেক হবে তার।
২০২১ সালে ইন্টার মিলানে যোগ দিয়েছিলেন ইনজাঘি। তার অধীনে ক্লাবটি জিতেছে একটি সিরি আ শিরোপা (স্কুদেত্তো), দুটি কোপা ইতালিয়া এবং তিনটি সুপারকোপা ইতালিয়া। সেইসঙ্গে দুবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছে ইন্টার, যদিও শিরোপা অধরাই থেকে গেছে।
২০২২-২৩ মৌসুমে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে হারে ইন্টার। চলতি মৌসুমে পিএসজির বিপক্ষে ফাইনালে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি দলটি। পাশাপাশি সিরি আ লিগেও নাপোলির কাছে মাত্র এক পয়েন্টে শিরোপা হাতছাড়া হয়।
এই ব্যর্থতাগুলোই যেন নতুন সিদ্ধান্তে অনুপ্রাণিত করেছে ইনজাঘিকে। মধ্যপ্রাচ্যের ফুটবলে সৌদি প্রো লিগ দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে তারকাদের জন্য। সেই ধারাবাহিকতায় এবার কোচিং জগতে বড় নাম হিসেবে ইনজাঘিকে পেল আল হিলাল। খুব শিগগিরই হিলালের ক্যাম্পে যোগ দেবেন তিনি।
সৌদি ক্লাবটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও, ফুটবল বিশ্লেষকদের মতে ইনজাঘির অভিজ্ঞতা ও ইউরোপিয়ান রেকর্ড হিলালের আক্রমণাত্মক পরিকল্পনাকে আরও শানিত করবে।