banglahour

ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের নতুন নাম: 'টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি'

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৬ জুন ২০২৫, শুক্রবার, ১২:৩২ অপরাহ্ন

চলতি গ্রীষ্মে শুরু হতে যাওয়া ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ নতুন মাত্রা পেয়েছে। এবার থেকে দুই ঐতিহাসিক ক্রিকেট জাতির মধ্যকার এই লড়াই হবে ‘টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি’ নামে।

আগামী ২০ জুন হেডিংলিতে শুরু হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে এই নতুন ট্রফি, যার নামকরণ করা হয়েছে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও ইংল্যান্ডের সেরা পেসার জেমস অ্যান্ডারসনের নামে।

টেস্ট ইতিহাসে শচীন এখনো সর্বোচ্চ রান সংগ্রাহক—২০০ টেস্টে ১৫,৯২১ রান। অন্যদিকে ৪২ বছর বয়সী অ্যান্ডারসন টেস্টে সবচেয়ে সফল পেসার, যিনি নিয়েছেন ৭০৪ উইকেট। দুইজনের মুখোমুখি হওয়া ১৪টি টেস্ট ম্যাচে অ্যান্ডারসন ৯ বার আউট করেছেন শচীনকে—যা একটি রেকর্ড।

ইংল্যান্ডে আগে ভারত সফরের সময় টেস্ট সিরিজ হতো ‘পতৌদি ট্রফি’র জন্য। এবার সেটি পরিবর্তন করে আনা হলো নতুন এই ট্রফির নাম। পতৌদি পরিবারের সদস্যদের পরিবর্তন সম্পর্কে অবগত করা হয়েছে। নবাব ইফতিখার আলী খান ও মনসুর আলী খান পতৌদি—দুজনেই ইংল্যান্ড ও ভারতের হয়ে খেলেছেন এবং ভারতীয় ক্রিকেট ইতিহাসে রেখে গেছেন গুরুত্বপূর্ণ অবদান।

অন্যদিকে, ভারতে হওয়া ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজে এখনও খেলা হয় ‘অ্যান্থনি ডি মেলো ট্রফি’র জন্য। নতুন ট্রফিটি এই ট্রফির স্থলাভিষিক্ত হবে কি না, সেটি এখনও নিশ্চিত নয়।

ক্রিকেট বিশ্বে এই নামকরণকে অনেকেই দেখছেন দুই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানানো এবং ক্রিকেট ইতিহাসের ধারাবাহিকতাকে সামনে নিয়ে যাওয়ার প্রয়াস হিসেবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল