
(১ বছর আগে) ৬ জুন ২০২৫, শুক্রবার, ৮:০৩ অপরাহ্ন
২০২৬ সালের জাতীয় নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার সন্ধ্যা ৭টায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। ভাষণের শুরুতে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে সালাম জানান প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, “আমি জানি, জাতীয় নির্বাচন কবে হবে—সে প্রশ্নে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে। আমি আগেই বলেছি, এই নির্বাচন ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬-এর মধ্যে অনুষ্ঠিত হবে। এখন আমি জানাচ্ছি—নির্বাচন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে হবে।”
তিনি আরও বলেন, অতীতের ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়াই বারবার দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও সুশৃঙ্খল নির্বাচন আয়োজনই বর্তমান সরকারের প্রধান অঙ্গীকার।
ড. ইউনূস বলেন, “আমাদের লক্ষ্য একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ সংকট থেকে মুক্তি নিশ্চিত করা। এজন্য নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সুশাসন নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
প্রধান উপদেষ্টা আরও জানান, সরকারের দায়িত্ব তিনটি মূল ভিত্তির ওপর—সংস্কার, বিচার ও নির্বাচন। তিনি আশা প্রকাশ করেন, আগামী রোজার ঈদের মধ্যে বিচার ও সংস্কারের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হবে। বিশেষ করে জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ভাষণের শেষ অংশে ড. ইউনূস বলেন, “আমরা এমন একটি নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা শান্তি পাবে। সেই নির্বাচন হবে সবচেয়ে অংশগ্রহণমূলক, অবাধ, নিরপেক্ষ ও স্মরণীয়।”
এছাড়া তিনি জানান, শিগগিরই নির্বাচন কমিশন বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করবে।