banglahour

কলোম্বিয়ায় নির্বাচনী সহিংসতা: প্রেসিডেন্ট প্রার্থী মিগেল উরিবে গুলিবিদ্ধ

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ৮ জুন ২০২৫, রবিবার, ১১:৩২ পূর্বাহ্ন

কলোম্বিয়ার রাজধানী বোগোটায় নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর মিগেল উরিবে। ৩৯ বছর বয়সি এই রক্ষণশীল রাজনীতিককে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৭ জুন) বোগোটার ফনতিবন এলাকায় একটি উন্মুক্ত পার্কে প্রচারণা চালানোর সময় অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তি পেছন দিক থেকে তার ওপর গুলি চালায়। বিষয়টি নিশ্চিত করেছে উরিবের রাজনৈতিক দল ‘ডেমোক্রেটিক সেন্টার’।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের বরাতে জানা গেছে, মিগেল উরিবে এবং সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবের নাম এক হলেও দুজনের মধ্যে কোনো আত্মীয়তা নেই।

কলোম্বিয়ার প্রেসিডেন্সি এক বিবৃতিতে বলেছে, সরকার এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং দ্রুত ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে।

কলোম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো সানচেজ জানান, এ ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে এবং আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার পর তিনি হাসপাতালে গিয়ে মিগেল উরিবের সঙ্গে দেখা করেছেন বলেও জানান মন্ত্রী।

মিগেল উরিবে ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বর্তমানে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই ঘটনায় দেশটিতে নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল