
(১ বছর আগে) ৮ জুন ২০২৫, রবিবার, ৮:০৭ অপরাহ্ন
কুলাউড়া, মৌলভীবাজার | ৮ জুন ২০২৫ — শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “নির্বাচনে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়, আমরাও কারও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। আমরা সবাইকে বন্ধু হিসেবে দেখতে চাই।”
রোববার (৮ জুন) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এমন নির্বাচন চাই না যেখানে শহীদদের রক্তের অমর্যাদা হয়। কেউ যেন এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে।”
ডা. শফিক আরও বলেন, “আমার বিরুদ্ধেও যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা হয়েছিল, অথচ সেই সময়ে আমার বয়সই ছিল না। আমি কোনো সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলাম না। আজ আমি জামায়াতের আমির, তাই আমার ওপর অভিযোগ এসেছে। কিন্তু কুলাউড়ার কোনো মানুষ আমার সম্পর্কে নেতিবাচক কিছু বলেনি—এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না।”
তিনি বলেন, “আমরা প্রতিহিংসামুক্ত সমাজ চাই। কে বা কারা এসব করেছে, আমরা জানি। কিন্তু আমরা প্রতিশোধে বিশ্বাস করি না। প্রতিশোধ নিতে গেলে সমাজ একদিন অসুরের সমাজে পরিণত হবে।”
শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আমাদের শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতার ভিত্তিতে ঢেলে সাজাতে হবে। করদাতাদের টাকায় চলা শিক্ষায় যদি ছাত্রদের বোঝানো যেতো যে তাদের পেছনে পুরো জাতির অবদান রয়েছে, তাহলে তারা জাতির প্রতি দায়বদ্ধতা অনুভব করত।”
সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস এবং ঢাকা পল্টন থানা আমির শাহীন আহমদ খান প্রমুখ।