banglahour

ভারতে করোনার নতুন ধরন, সতর্ক বাংলাদেশ; সীমান্ত ও বিমানবন্দরে বাড়ানো হয়েছে নজরদারি

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৮ জুন ২০২৫, রবিবার, ৮:১২ অপরাহ্ন

ঢাকা | ৮ জুন ২০২৫ — ভারতের বিভিন্ন রাজ্যে করোনাভাইরাসের ওমিক্রনের নতুন ধরন শনাক্ত হওয়ায় বাংলাদেশে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ ঠেকাতে সীমান্ত, স্থলবন্দর ও বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষাসহ স্ক্রিনিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

সাম্প্রতিক নির্দেশনায় বলা হয়, ভারতসহ অন্যান্য দেশ থেকে আগত যাত্রীদের ইমিগ্রেশন ও হেলথ ডেস্কে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। পাশাপাশি সংক্রমণের আশঙ্কা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইসোলেশনে রাখার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বেনাপোলে কড়াকড়ি, চলছে উপসর্গ পরীক্ষা
রোববার সকাল ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশনে দেখা গেছে, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ভারত থেকে আগত যাত্রীদের জ্বর, কাশি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ রয়েছে কি না, তা যাচাই করছেন।

উপ-সহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ জানান, “ভারতে জেনেটিক সিকোয়েন্স পরীক্ষায় নতুন ধরন শনাক্ত হয়েছে। বাংলাদেশে যেন সেটি ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে আমরা সতর্ক অবস্থানে আছি।”

তিনি আরও জানান, “পরিচালকের নির্দেশ অনুযায়ী, যদি কোনো যাত্রীর মধ্যে উপসর্গ পাওয়া যায়, তাহলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে পাঠানো হবে।”

ভারত থেকে ফেরা যাত্রীদের অভিজ্ঞতা
ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফেরা যাত্রী হরিদাস বলেন, “ভারতে কোনো জায়গায় করোনা পরীক্ষার প্রয়োজন হয়নি। কিন্তু বাংলাদেশে ফিরেই স্বাস্থ্য পরীক্ষার মুখোমুখি হচ্ছি।”

আরেক যাত্রী মনিকা রানী বলেন, “ভারতে এক মাস চিকিৎসা শেষে ফিরলাম। ওখানে তেমন কোনো সতর্কতা চোখে পড়েনি। দেশে এসেই টের পেলাম করোনার সতর্কতা আবার শুরু হয়েছে।”

ঈদে ট্রেনযাত্রাতেও স্বাস্থ্যবিধির নির্দেশনা
ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে। এ প্রেক্ষাপটে রেলপথ মন্ত্রণালয় ট্রেনযাত্রীদের জন্য মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা জারি করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন ধরনের দ্রুত বিস্তার রোধে সীমান্তে কঠোর মনিটরিং, জনসচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল