banglahour

ভুটান ম্যাচের বিশৃঙ্খলার পর সিঙ্গাপুর ম্যাচে নিরাপত্তা জোরদার, মাঠে সোয়াট বাহিনী

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৯ জুন ২০২৫, সোমবার, ১১:৫৫ পূর্বাহ্ন

৪ জুন অনুষ্ঠিত বাংলাদেশ-ভুটান ম্যাচে নিরাপত্তা ঘাটতি ও দর্শক বিশৃঙ্খলা নিয়ে তীব্র সমালোচনা ওঠার পর আসন্ন সিঙ্গাপুর ম্যাচে বাড়তি সতর্কতা নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

১০ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সিঙ্গাপুর ম্যাচে যেন আগের ঘটনা পুনরায় না ঘটে, সেজন্য আজ সোমবার মাঠে মহড়া দিয়েছে পুলিশের বিশেষ ইউনিট সোয়াট। স্টেডিয়ামের ভেতর ও চারপাশে মোতায়েন থাকবে এই বাহিনী।

ভুটান ম্যাচে মূল ফটক ভেঙে দর্শকদের ঢুকে পড়া, গ্যালারি থেকে মাঠে ঢুকে পড়া এবং ম্যাচ চলাকালে বিশৃঙ্খলার কারণে দর্শক, খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবার বাড়তি লোকবল ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে ফেডারেশন।

বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস রোববার জানান, “ম্যাচ কমিশনারসহ পুরো স্টেডিয়াম ও গেটগুলো পরিদর্শন করা হয়েছে। আগামীকাল সকাল ১১টায় সোয়াট বাহিনী স্টেডিয়ামে পূর্ণ মহড়া দেবে। ডিএমপির সঙ্গেও আমাদের সমন্বয় রয়েছে।”

বাংলাদেশ ফুটবলে নিরাপত্তা ইস্যু নতুন নয়। এর আগে বসুন্ধরা কিংস অ্যারেনাতেও দর্শকদের বিশৃঙ্খল আচরণের জন্য বাফুফেকে বেশ কয়েকবার জরিমানা গুণতে হয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে যদি এমন ঘটনা আবার ঘটে, তাহলে ম্যাচ কমিশনারের রিপোর্টে তা উল্লেখ হলে শাস্তির মুখে পড়তে পারে বাফুফে।

গোলাম গাউস জানান, “ভুটান ম্যাচের চেয়ে এবার সিঙ্গাপুর ম্যাচে বেশি নিরাপত্তা সদস্য ও স্বেচ্ছাসেবক মাঠে রাখা হবে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।”

সিঙ্গাপুর ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ বাড়লেও এবার মাঠের ভেতরে ও বাইরে নিরাপত্তার দিকেও কড়া নজর রাখা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল