
(১ বছর আগে) ৯ জুন ২০২৫, সোমবার, ৪:৪৮ অপরাহ্ন
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে আজ সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হয়েছেন। সফরটি মূলত যুক্তরাজ্যের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হন তিনি। এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
সফরকালে অধ্যাপক ইউনূস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিসহ অন্যান্য উচ্চপদস্থ রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অধ্যাপক ইউনূসকে ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হবে। এটি দ্য কিংস ফাউন্ডেশন কর্তৃক পরিবেশ ও মানবতার উন্নয়নে বিশেষ অবদানের জন্য দেওয়া হয়ে থাকে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে অনুষ্ঠিত হবে।
এছাড়া সফরের অংশ হিসেবে তিনি কমনওয়েলথ ও আন্তর্জাতিক সমুদ্র সংস্থার মহাসচিবদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বাংলাদেশের আন্তর্জাতিক কার্যক্রম ও অগ্রগতির চিত্র তুলে ধরবেন।
অধ্যাপক ইউনূস ১১ জুন রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, চ্যাথাম হাউসে এক বিশেষ বক্তৃতা দেবেন, যা তার জনসাধারণের কূটনীতি প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত।
প্রধান উপদেষ্টার ১৪ জুন দেশে ফেরার কথা রয়েছে।