banglahour

গাজার শিশুদের দুঃখে কাঁদলেন গার্দিওলা, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে আবেগঘন বক্তৃতা

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১০ জুন ২০২৫, মঙ্গলবার, ৪:৪১ অপরাহ্ন

ম্যানচেস্টার সিটির সফল কোচ পেপ গার্দিওলা এবার মাঠের বাইরেও পেলেন বিরল সম্মান। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করেছে শহরের উন্নয়ন ও সমাজের প্রতি তার অবদানের স্বীকৃতিস্বরূপ।

তবে শুধু সম্মাননা নয়, এই অনুষ্ঠানে গার্দিওলা আলোচনায় উঠে আসেন গাজা সংকট নিয়ে এক আবেগঘন বক্তৃতার মাধ্যমে। ইসরায়েল-হামাস যুদ্ধের প্রেক্ষাপটে গাজার শিশুদের যন্ত্রণার কথা তুলে ধরে তিনি বলেন, "গাজায় যা হচ্ছে, তা আমার শরীরকে ব্যথা দেয়। এটা আদর্শ বা মতাদর্শের প্রশ্ন নয়, এটা মানবতা।"

তিনি আরও বলেন, “আজ আমরা ভাবছি এটি আমাদের সমস্যা নয়, কিন্তু আগামীকাল এটাই আমাদের ঘরের সামনে ঘটতে পারে। গাজায় শিশুদের দুঃস্বপ্ন শুরু হওয়ার পর থেকে আমি প্রতিদিন নিজের সন্তানদের মুখ দেখে ভয় পাই।”

বক্তৃতার এক পর্যায়ে তিনি একটি ছোট পাখির গল্প বলেন, যে আগুন নেভানোর চেষ্টা করে বারবার পানি এনে। গার্দিওলার ভাষায়, “পাখিটা জানে সে আগুন নেভাতে পারবে না, কিন্তু কিছু না করে বসে থাকতে সে রাজি নয়। আমাদেরও উচিত কিছু না কিছু করা।”

এই বক্তব্যের সময় পুরো মিলনায়তন ছিল নিস্তব্ধ। অনেকেই চোখের পানি আটকে রাখতে পারেননি।

উল্লেখ্য, ২০২৫ সালের মার্চে ইসরায়েল নতুন করে গাজায় হামলা শুরু করলে এতে অন্তত ৪০০ জন নিহত হন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

গার্দিওলার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। মানবিকতা ও সাহসিকতার জন্য তাকে অনেকেই অভিনন্দন জানাচ্ছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল